Saturday, 1 March 2025

যাত্রাপালাগান ঃ একটি শতবর্ষ প্রাচীণ আসরের কথা

।। যাত্রাপালা গান  ঃ একটি শতবর্ষ প্রাচীণ আসরের কথা।।  প্রণব ভট্টাচার্য 
স্বাভাবিক ভাবেই লেখাটি দীর্ঘ। এলাকার ঐতিহ্য। এখানকার কথা লেখা বা বলা উচিৎ ছিল। 
ভালো লাগলে পড়বেন। 

।  ১ নং পাতা 
" আমাদের জাতীয় নাট্য বলতে যদি কিছু থাকে তা হচ্ছে যাত্রা " বলেছিলেন নাট্যাচার্য শিশির ভাদূড়ী।
আর রামকৃষ্ণ দেব বলেছিলেন যাত্রা থিয়েটারে লোকশিক্ষা হয়। যাত্রা দলের গদিতে হোক বা আসরের সাজঘরে তাঁর ছবি টাঙানো থাকেই। তাঁকে প্রণাম জানিয়েই যাত্রা শুরু হয়।
যাত্রা মানে উদ্দেশ্য নিয়েই কোথাও গমন। সে তীর্থ যাত্রা ই হোক আর আনন্দ ভ্রমণ ই হোক। যাত্রা শুভ হোক। আমাদের এই কামনা থাকে।
যদি আমরা ধরে নিই যে যাত্রাপালার প্রথম অঙ্ক থেকে পঞ্চম অঙ্ক পর্যন্ত ঘটনাপ্রবাহের যে বিন্যাস, তার চলন, পরিণতি র দিকে তার যে গতি প্রবাহ তাই যাত্রা। শুরু থেকে শেষ। এই যাত্রাপথের শিল্পীত রূপ ই আমাদের যাত্রা পালা গান।
আমাদের জীবন যেমন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে বিস্তৃতি তাই জীবন কাল। হাসি, কান্না, দুঃখ, বেদনা, আনন্দ,লোভ লালসা মেশানো । সব রসের সমাহার। যাত্রা পালা গানেও এই সকল রসের সমাহার। সকল রসের ধারার এক মিলিত গতি প্রবাহ।
একদিন গ্রামবাংলার অন্যতম প্রধান বিনোদনের মাধ্যম ই ছিল যাত্রা। কোথাও বিনা পয়সায় কলকাতার যাত্রা দলের যাত্রা হচ্ছে শুনলে লোক ভেঙে পড়ত সেই আসরে।
মানুষের সেই উন্মাদনা আমরা লক্ষ্য করেছি অতি বিখ্যাত এক যাত্রা পালা " নটী বিনোদিনী " তে। আমি একটি উদাহরণ দিলাম মাত্র। টিকিট কেটে যাত্রা। চারদিকের সব বেড়া খুলে দিতে বাধ্য  হতে হয়েছে আয়োজক দের। রাতের পর রাত সেই পালাগান চলেছে। তেমনই আর এক একটু পুরনো পালা
" সোনাই দিঘী "। কি অসামান্য অভিনয়। ভাবনা কাজী কে দেখার জন্য মানুষের কি উন্মাদনা।
এমন কত শত পালা। নাম লিখে বা বলে শেষ করা যাবেনা।
একে হাল্কা চোখে দেখার কোন কারণ নাই। " যাত্রা দ্যাখে ফাৎরা লোকে " বললে বুঝতে হবে কোথাও মূল্যায়নে ফাঁক থেকে যাচ্ছে।
আজ যাত্রা শিল্প অনেকটা ই মুখ থুবড়ে পড়ার মতো অবস্থায়।
কলকাতার কোন যাত্রা নয় নাটকের দল বুক ফুলিয়ে বলতে পারবে ভালো আছি। না। কেউ ভালো নেই। যাত্রাও না। নাটকও না। গানের জলসাও না। সিনেমা তো নাই। সব হল বন্ধ। মাল্টীপ্লেক্স এ আর কজন যায়।
আসলে সমগ্র বিনোদন এর জগৎ টি ই সম্পূর্ণ বদলে গেছে।
টেলি সিরিয়াল ই আজ মহিলা দের আনন্দ সন্ধ্যা।
আর মোবাইলে মত্ত কিশোর যুবক দের দল।
------------ ------------ ------------ ------------ ------------ ১ নং পাতা শেষ।  

।। যাত্রা কথা।।  ২ নং পাতা আরম্ভ।
অথচ কত দীর্ঘ পথ পার হয়ে এসেছে যাত্রা পালা গান।
সেই চৈতন্য পরবর্তী  নীলকন্ঠ মুখোপাধ্যায় মশাই এর কৃষ্ণ যাত্রা, থেকে  গোবিন্দ অধিকারী, মতিলাল রায় কত মানুষের
আজীবন এর সাধনার ফলশ্রুতিতে বিবর্তনের মধ্য দিয়ে আধুনিক যাত্রা পালা। পৌরাণিক, ঐতিহাসিক এবং সামাজিক
কত পালা। অসাধারণ অভিনেতা এবং অভিনেত্রী গণ। নারী চরিত্রে দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন চপল রাণী র মতো কত পুরুষ রাণী।
এরিস্টটল বলেছিলেন " প্রকৃত ইতিহাস লেখার চেয়ে শিল্প সম্মত ভাবে ইতিহাস কে উপস্থাপিত করা ই অধিকতর বিজ্ঞান সম্মত এবং বাস্তব। " প্রাচীন  গ্রীসের নাট্যচর্চা কে আমরা স্মরণ করতে ই পারি এই প্রসঙ্গে। সে ও এক দীর্ঘ ইতিহাস।
১৯৩৬-৩৭ সাল নাগাদ পূর্ব বঙ্গের বরিশাল থেকে শশী নট্ট,সূর্য দত্ত দের " মাচরং বৈকুন্ঠ যাত্রা সমাজ " যেদিন কলকাতার হরচন্দ্র মল্লিক স্ট্রিট এ তাঁদের গদিঘর পাতলেন সেদিন থেকেই প্রকৃত প্রস্তাবে কলকাতা বা কলকাতার চিৎপুর ধীরে ধীরে  হয়ে উঠল  যাত্রাপাড়া।
২০০৫ সালে চিৎপুরে প্রায় ৫৫ টি যাত্রা দল। সিজিনে  চার হাজার রাতের বায়না। ২০০১ এ ছোট বড় মিলিয়ে তিন শো র
মতো কোম্পানি। ২০০০০ মানুষের সংযুক্তি। লক্ষ কোটি টাকার ব্যবসা। এক একটি দলে সব বিভাগ মিলিয়ে প্রায় ৬০-৭০ জন মানুষ। কত বড় একটা শিল্প। এর সাথে জড়িয়ে আছে আরও হাজার হাজার মানুষ। আলো, ড্রেস,  মেক আপের দ্রব্যাদি র ব্যবসার সাথে কত মানুষ যুক্ত ছিলেন।
সবচেয়ে বেশী বায়না যেমন হত অবিভক্ত মেদিনীপুরে তেমনি মেদিনীপুর এর নন্দকুমার এবং বেলদা কে বলা হত মেদিনীপুর এর চিৎপুর। মেদিনীপুর কলকাতাকে কত শিল্পী সরবরাহ করেছে। স্টার আর্টিস্ট দের বাদ দিয়েও চরিত্র অভিনেতার ভূমিকা  একটি পূর্ণাঙ্গ প্রযোজনা য় কম মূল্যবান নয়।
বীরভূমে সম্ভবত যাত্রা পালার সূচনা ১১০০ বঙ্গাব্দে।
শিশুরাম অধিকারী বা ঐ শিষ্য পরমানন্দ অধিকারী বীরভূমের রামবাটী র বাসিন্দা ছিলেন। ধবনী গ্রামের নীলকন্ঠ মুখোপাধ্যায় মশাই তাঁর কৃষ্ণযাত্রাকে অসম্ভব জনপ্রিয় করেছিলেন। তিনি ১৩১৮ পর্যন্ত জীবিত ছিলেন।
হেতমপুরের রাজাদের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে রঞ্জন অপেরা। তাকে কলকাতায় নিয়ে গেলেন ফণীভূষণ বিদ্যাবিনোদ বা বড় ফণী।
অত্যন্ত সুনামী প্রযোজক, দল পরিচালক শম্ভুনাথ ঘোষ
তাকে নব রঞ্জন অপেরায় পরিণত করলেন।
বীরভূমের শুধু নয় সমগ্র রাঢ় এলাকার পশ্চিমাংশের যাত্রা প্রীতি সুবিদিত। পরবর্তী সময়ে বায়নার জন্য যখন এজেন্ট প্রথা চালু হল প্রথম  রাণীগঞ্জের রাণীসায়ের মোড়ে গড়ে উঠল
অনিল ভাণ্ডারী মশাই এর বুকিং অফিস। তাঁকে বলা হত
" কোলিয়ারী লর্ড " বা যাত্রা লর্ড। তাঁর মাধ্যমে ই বুকিং হত।
সব দলের ই ব্যবসার তিনি ছিলেন কাণ্ডারী।
" নট্ট কোম্পানি " - নট্ট কোম্পানি ই। ছিলেন যে সূর্য দত্তের মতো মানুষ। তারপর ই নাম করতে হয় সত্যম্বর চট্টোপাধ্যায় এর " সত্যম্বর অপেরা র "। এই অপেরার সোনাই দিঘী তো ইতিহাস। ইতিহাস রচনাকারী অনেক প্রযোজনার জন্ম দিয়েছে এই অপেরা।
কত অপেরা, কত কোম্পানী। নাম লিখতে হলে উল্লেখযোগ্য অনেক নাম বাদ পরে যাবে এই ভয়। তবু কিছু নামের কথা বলার আগে বলে নেওয়া ভালো যাত্রা তখন এতই জনপ্রিয় যে
বড় গ্রাম বা গঞ্জে গড়ে উঠেছে এমেচার যাত্রা দল। শুধু ইলামবাজার এর নাম উল্লেখ আছে। ইলামবাজার রিক্রিয়েশনাল যাত্রাপার্টি। শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন তার প্রবীনতম সদস্য।
সেই এমেচার দলের অভিনয় আমরাও যা দেখেছি সে ফেলে দেবার মতো নয়। অমর বন্দ্যোপাধ্যায় এর মতো চেহারা এবং অভিনয় ছিল অনবদ্য। যে কোন পেশাদার অভিনেতা র সাথে তিনি পাল্লা দিতে পারতেন। তাঁর স্ত্রী ও ছিলেন নামী অভিনেত্রী।
অযোধ্যা বনকাটি এলাকায়   পেশাদার দের মতো দল অযোধ্যায় গড়ে উঠেছিল। ননীগোপাল চট্টোপাধ্যায় এর নির্দেশনা
সঙ্গীত পরিচালনা এবং অভিভাবকত্বে। বড় বড় ট্রাঙ্কে ছিল সাজপোশাক সহ মেক আপের দ্রব্যাদি। মহিলা চরিত্রে কিন্তু পুরুষ।  গোপালপুর, বামুনাড়া, আড়া ইত্যাদি গ্রাম মিলিয়ে
শক্তি মান অভিনেতা দের সম্মিলিত প্রয়াসে গড়ে উঠেছিল
পেশাদার প্রায় যাত্রাদল। অনেকে ছিলেন তার পৃষ্ঠ পোষক।
কলকাতার যে দলটির কথা না বললেই নয় তা হল " তরুন অপেরা "। প্রধান অভিনেতা শান্তিগোপাল। তাঁর হিটলার ২০০০ রজনী অভিনীত হয়েছিল। তিনিই একমাত্র অভিনেতা তাঁর লেনিন যাত্রাপালা নিয়ে সোভিয়েত ইউনিয়নে গিয়েছিলেন। এবং সোভিয়েত ল্যাণ্ড নেহরু অ্যাওয়ার্ড লাভ করেছিলেন।
৭০ এর দশকে খবরের কাগজের যাত্রা সমালোচক খ্যাত ব্যক্তিত্ব প্রবোধবন্ধু অধিকারী হয়ে উঠেছিলেন যাত্রা পাড়ার
অভিভাবক পিতার মতো।
যাত্রায় উৎপল দত্তের আসা মাত্রই যাত্রা দেখল নূতন আঙ্গিক।
অভিনয়ের উৎকর্ষ। তাঁর পরিচালিত "  ফেরারী ফৌজ "
সন্ন্যাসীর তরবারি ইত্যাদি যাত্রা পালা যাত্রার ইতিহাসে অমর হয়ে থাকবে।
অজিতেশ বন্দ্যোপাধ্যায় এর মতো শক্তিমান অভিনেতা যাত্রায় এসেছিলেন। কিন্তু সাফল্য পাননি। তাঁর দৃষ্টিভঙ্গিতে
" রাবণ " পালা জনতা গ্রহণ করেনি।
আবার সিনেমা থেকে কিছু অভিনেতা অভিনেত্রী এলেন
কিন্তু তাঁদের অভিনয় ধারা ভিন্ন হওয়ায় সেভাবে দর্শক নেননি।
অনেকে যেটা বলেন যাত্রার অভিনয় চড়া মোটা দাগের।
অতি অভিনয় ইত্যাদি ইত্যাদি। কিন্তু যাত্রায় কি স্বপনকুমারের
মাইকেল মধুসূদন হয়নি!  এমন আরও অনেক নাম করা যায়।
কিছু যাত্রা দলের নাম করতেই হয়। যেমন নিউ রয়্যাল বীনাপাণি অপেরা, নিউ গণেশ অপেরা, নব অম্বিকা অপেরা
নিউ প্রভাস অপেরা, আর্য্য অপেরা, নিউ আর্য্য অপেরা,
সত্যনারায়ণ অপেরা ; ভারতী অপেরা,  লোকনাট্য, নাট্যভারতী ; মুক্তঅঙ্গন, আনন্দলোক, শিল্পীতীর্থ, অগ্রগামী
ইত্যাদি অপেরা অনেক বিখ্যাত প্রযোজনার জন্ম দিয়েছেন।
অনেক নাম বাদ গেল। লেখক ক্ষমাপ্রার্থী।
বিভিন্ন সময়ে কিছু মানুষের উজ্জ্বল ভূমিকায় আলোকিত হয়ে ওঠে প্রাঙ্গণ। তেমনি কিছু মানুষ - মাখনলাল নট্ট,  শৈলেন মোহান্ত,
তিনকড়ি গুছাইত, দীনবন্ধু গুছাইত,, অমিয় বসু, দিলীপ চট্টোপাধ্যায়, কালিপদ দাস, নীলমণি দে, দুলাল চট্টোপাধ্যায়
হৃষিকেশ মিত্র, কিষান দাশগুপ্ত, নির্মল মুখোপাধ্যায়,
রমেন মল্লিক, বৈদ্য নাথ শীল ইত্যাদি মানুষেরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন।
যাত্রার পালাকার ঃ প্রথমেই যে নাম সকলের মনে আসে তিনি আর কেউ নন যাত্রাপালাসম্রাট ব্রজেন দে । তার পরই
ভৈরব গঙ্গোপাধ্যায়, শম্ভু বাগ, সহ অনেক নাম।  যে নাম গুলিকে বাদ দিয়ে যাওয়া অপরাধ।
যাত্রার প্রধান অভিনেতা ঃ যাঁর নামেই দর্শক আসবেন তেমন অভিনেতা তো সহজে মেলেনা।
সেই বড় ফণী অর্থাৎ ফণীভূষণ বিদ্যাবিনোদ, ফণীভূষণ মতিলাল ( ছোট ফণী) । যাঁকে বলা হত যাত্রার যুবরাজ
নটসূর্য্য দিলীপ চট্টোপাধ্যায়, পঞ্চু সেন, ষষ্ঠীচরণ বন্দ্যোপাধ্যায়, ফণী গাঙ্গুলি,  মাখন সমাদ্দার, অনাদি চক্রবর্তী
, স্বপনকুমার , শেখর গাঙ্গুলি,  তরুনকুমার, ভোলা পাল,
পান্না চক্রবর্তী, অভয় হালদার, অশোক কুমার, রাখাল সিংহ
শ্যামল ঘোষ, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, অসিত বসু, নির্মল মুখোপাধ্যায়।  সিনেমা থেকে এসেছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়।
তাঁর " যমালয়ে জীবন্ত মানুষ " ভালো ব্যবসা করেছিল।
এসেছিলেন সন্তু মুখোপাধ্যায়।
অসাধারণ অভিনেতারা। আর আচার্য্য পূর্ণেন্দু বন্দ্যোপাধ্যায় এর নাম না করা তো অন্যায়।
এখনও প্রবীণ দের কানে ভাসছে গ্রীনরুম থেকে উদাত্ত গলায় গান ধরা বিনোদ ধাড়া বা তাঁর সুযোগ্য পুত্র গুরুদাস ধারার নাম। নট্ট কোম্পানি র খোকন বিশ্বাস প্রভৃতি র নাম খুবই উল্লেখযোগ্য। আরও অনেকে রয়েছেন যাঁদের গান ই ছিল সেই পালার সম্পদ।
অভিনেত্রী দের কথা এলেই প্রথমেই যে নাম মনে ভেসে উঠে আসে তিনি অদ্বিতীয়া জ্যোৎস্না দত্ত। অবিস্মরণীয়া বীণা দাশগুপ্ত,।  রুমা দাশগুপ্ত, বেলা সরকার,  সহ অন্যান্য অভিনেত্রী রা অসামান্য ভূমিকা রেখেছেন। সব নাম বলা একটি ছোট প্রবন্ধে সম্ভব নয়।
যাত্রার মিউজিক মাষ্টার,  মোশন মাষ্টার এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বাদ্যযন্ত্রী দের নাম লিখতে বসলে সেটাই হয়ে যাবে
ইতিহাস।
রূপসজ্জাকার এবং তাঁর সহকারী গণ।
পেট্রোম্যাক্স, হ্যাজাক লাইটের যুগ। তাতেই আলোর কারিকুরি করেছেন শুধু রঙিন কাগজের সাহায্যে যাঁরা তাঁরাও একটা দলের অপরিহার্য অঙ্গ।
রান্নাঘর কে বাদ দিলে তো চলেই না। প্রধান অভিনেতা বা অভিনেত্রীর স্পেশাল রান্না চাই৷ কত জনের কত রকমের আবদার। সব রান্না ঘরকে মনে রাখতে হয়। এই রান্নাঘরে ই
ককপক্ষে পাঁচ সাত জন লোক। তাঁদের কথা আর কাদের মনে থাকে!
------------ ------------ ------------ ------------ ------------ ------------ ২ নং পাতা শেষ।

।। যাত্রা পালা গান  এবং এক শতবর্ষ প্রাচীণ যাত্রার আসর এর কথা।। ৩ নং পাতা আরম্ভ।
এমন একটা সময় ছিল " রূপাই চণ্ডী তলায় " যাত্রাকরতে যাওয়া ছিল প্রায় সব দলের কাছে তীর্থ যাত্রার মতো।
রথযাত্রার দিনে বায়নার সময় অনেকে লক্ষ্য রাখতেন ওখানে বায়না হল কি না। গদি থেকে অনেকে খবর নিতেন। লোক পাঠিয়ে।
শতবর্ষ প্রাচীণ এই যাত্রার আসর। ১২৭ বছরে পড়েছে এখানের যাত্রার আসর। সেই কৃষ্ণযাত্রা দিয়েই শুরু। তারপর পালাগান, যাত্রার আসর।
বিশাল বিশাল শিমূল,  অর্জুন গাছ, পলাশের জঙ্গল। পাশ দিয়ে বয়ে যাচ্ছে এক জলধারা। এখানে সেই জলধারা দহ র রূপ নিয়েছে। প্রাচীন কয়েক টি বন্যার স্মৃতি জড়িয়ে এই স্থান আজও টিঁকে আছে স্বমহিমায়। দেবী চণ্ডী। রূপাই চণ্ডী। দহের নাম " রূপাই দহ "। জলধারার নাম " বৃদ্ধ নদী "। দহের পাড়ে মোরাম চাতাল। আদিবাসী পাড়া। নাম " রাজাপোতার ডাঙ্গা "।
অজয় থেকে বের হয়ে একটি জলধারা এই স্রোতপথে বসুধার ভিতর দিয়ে চলে যেত পূর্বে অনেক টা। পাণ্ডুকের কাছে " পাণ্ডুরাজার ঢিবির পাশ দিয়ে আবার অজয়ে মিশত। সে স্রোতে নৌকা চলাচল করত। " রাজার পোত " থেকে পাণ্ডুরাজার ঢিবি "হয়ে অজয়ে গিয়ে নৌকা চলে যেত দূরে।
  ""রাজার পোত " থেকে রাজা পোঁতা। পাণ্ডুরাজার ঢিবির ও অপর নাম রাজা পোতার ডাঙ্গা।
তাহলে কে ছিলেন এই রাজা। আদিবাসী কোন মানুষ। না কি সদগোপ প্রাধান্যের এই এলাকায় কোন সদগোপ রাজা।
নাম কি ছিল তার রূপাই! প্রবীণেরা বলতেন এই দেবী সদগোপ দের বা এই পূজায় তাঁদের বিশেষ অংশ ছিল।   পরবর্তী সময়ে  ব্রাহ্মণ দের আনানো হয়েছিল। একসময় ডাঙ্গাল গ্রামে অনেক ব্রাহ্মণ পরিবার বাস করতেন। ডাঙ্গাল গ্রামের দু টি অংশ। 
একটি রামপুর, অপরটি ডাঙ্গাল। ডাঙ্গাল অংশে ব্রাহ্মণ বসতি ছিল। মারাত্মক কলেরা, ম্যালেরিয়া রোগে গ্রাম উজাড় হয়ে যায়। অনেকে গ্রাম ত্যাগ করেন। 
 এই দেবী চণ্ডী। রাঢ় এর মহাকাব্য মঙ্গল কাব্য গুলির অন্যতম চণ্ডীমঙ্গলের দেবী চণ্ডী যেমন বনদেবী। তিনি বনের সকল জীবের পালয়িত্রী। আদিবাসী দের " চাণ্ডী "। তিনিও
প্রকৃতি। সর্বত্র বিরাজমানা। বনভূমির কোন প্রাচীন বৃক্ষ তলে
তাঁর আবাস। তিনি বিলে আছেন, মাঠে আছেন ; জঙ্গলে লতাগুল্ম ঘেরা কোন থানে আছেন।
এই দেবী রূপাই চণ্ডী র দুর্গার ধ্যানেই তাঁর পূজা হয়। বিশেষ উল্লেখ যোগ্য চৈত্র সংক্রান্তি তে দেবীর বাৎসরিক পূজার আয়োজন হয়। শিবের গাজনের সাথে তাঁর গভীর সম্পর্ক।
এই পূজা উপলক্ষে ই বৈশাখের তিন চার তারিখ নাগাদ এখানে কবিগান ; কৃষ্ণযাত্রা ; এবং পরে কলকাতার যাত্রা দলের পালাগান চালু হয়েছে শতবর্ষ আগে। এখনও সেই ধারা অনুযায়ী যাত্রাপালা অনুষ্ঠিত হয়। প্রতি বৎসর।
আগে মানুষের ভিড়ে কোথাও তিল মাত্র জায়গা থাকতো না।
ঝোপ ঝাড় পরিষ্কার করে কিছু জায়গা বের করা হত।
দূর দূর গ্রাম থেকে গোরুগাড়ি করে মানুষ জন আসতেন।
মহিলারাও আসতেন। যথেষ্ট নজরদারি র ব্যবস্থা থাকত।
উৎসব কমিটির পক্ষ থেকে পার্শ্ববর্তী গ্রামসমূহের বিশিষ্ট মানুষ দের আমন্ত্রণ জানানো হত।
ডাঙ্গাল বসুধা গ্রামের ঘোষবাবুরা ( গোবিন্দ ঘোষ এবং তাঁদের  পরিবারের পূর্ব পুরুষ গন)  ও ডাঙ্গাল গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবার ( ভোলানাথ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পূর্ব পুরুষ গণ),  এঁরা ই মূলত এই পূজা এবং উৎসব, যাত্রা পালা গানের আসর বসানো ইত্যাদি র আয়োজন তথা তদারকি করতেন। বা এখনও বন্দ্যোপাধ্যায় পরিবার সহ অন্যান্য রা করছেন। ডাঙ্গাল বসুধা  গ্রামবাসী গণ সহযোগিতা  করেন।    জীবিত দের মধ্যে বয়স্ক মানুষ বংশী মণ্ডল রয়েছেন। তাঁর যুবক বেলায়  তিনিই বায়না করতে চিৎপুর যেতেন। প্রবীণ দের মধ্যে আর রয়েছেন, সুকুমার বন্দ্যোপাধ্যায়, শিশির বন্দ্যোপাধ্যায়। এবং অন্যান্য 
গ্রামবাসী গণ। 
ঘোষ বাবুদের লিচু বাবু কাঁধে বন্দুক নিয়ে চারপাশে নজর রাখতেন। হাবল বাবু তদারকি করতেন। সাতকাহনিয়া গ্রাম থেকে হালদার বাবুরা 
যেতেন।  শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও নারান মাজি র  তৎপরতা ছিল নজর কাড়া।
আরও অনেক কথা থাকা স্বাভাবিক। শতবর্ষ প্রাচীণ। অনেক গুলি পুরুষ। মানেই এক এক সময়, বা কাল পর্ব। কোন অসম্পূর্ণতা থাকতেও পারে। আরও অনুসন্ধানের প্রয়োজন থেকেই যায়। 
 বন্দ্যোপাধ্যায় পরিবারের শ্রী শিশির বন্দ্যোপাধ্যায় কিছু  আমার নজরে এনেছেন। তাঁকে ধন্যবাদ। 
 আমি সংযোজন বা সংশোধন করে নিলাম। 

------------ ------------ ------------ ------------ ------------ ৩ নং পাতা শেষ। 

 

।। যাত্রা পালা গান ঃ শতবর্ষ প্রাচীণ এক যাত্রার আসর।।
৪ নং পাতা। আরম্ভ।
প্রবীণ দের মুখে শুনেছি রূপাই চণ্ডী তলায় পালাগান পরিবেশন করেননি এমন যাত্রা দল প্রায় নেই। তবে এটাও ঠিক যাঁদের বা যে সব দলের রেট কম থাকত তাদের কেই প্রথম দেখা হত। তবে রূপাই চণ্ডী তলার নাম শুনে অনেক যাত্রাদল কম পয়সা নিয়েই গান করেছে এমন উদাহরণ অনেক আছে। কোন এক দলের একবার প্রায় বায়না হচ্ছিল ই
না। এখানে গান করার পর না কি তাঁদের ভালো বায়না হয়।
একটা সময় ছিল যখন " সত্যম্বর অপেরা " মানেই ভালো যাত্রা। আর তাদের  বাঁধা  ছিল এই জঙ্গলাকীর্ণ স্থলের আসর। মানুষের মুখে মুখে ফিরত বড় বড় শিল্পী দের নাম।

মুখে মুখে ছড়িয়ে যায় এই স্থলের মাহাত্ম্য।
এমন অনেক গল্প প্রবীণ দের মুখে শোনা যেত।
মূলত রূপাই চণ্ডী তলার চারপাশে যাঁদের কৃষি জমি রয়েছে
বা বসুধা মৌজায় তাঁদের কাছ থেকেই চাঁদা নিয়ে বিনা পয়সায় কলকাতার যাত্রা দলের যাত্রা পালা গান শোনা বা দেখার সুযোগ পেতেন সাধারণ মানুষ বছরের ঐ দুটি দিন।
সারা বছর মানুষ মুখিয়ে থাকতেন এই আসরের দিকে।
অজয়ের ওপারে ইলামবাজার থেকে যাত্রামোদী মানুষেরা দলে দলে আসতেন। পার্শ্ববর্তী এলাকা মৌখিরা কালিকাপুর থেকে বা আদুরিয়া অমরপুর থেকে কি মাজুরিয়া রঘুনাথপুর থেকে বা তেলিপাড়া, এমনকি রক্ষিতপুর মলানদিঘী এলাকা থেকেও মানুষ আসতেন এখানে। তখন যাত্রা দেখার একটা
প্রবল আগ্রহ মানুষের মধ্যে ছিল। যা আজ আর নাই।
সরকারের উদ্যোগে যাত্রা উৎসব চালু করা হয়েছিল।
যাত্রা জগতের বিশিষ্ট মানুষ দের আমন্ত্রণ জানিয়ে সেখানে আনা হত। মন্মথ রায় দের মতো  মানুষ কোন  যাত্রা দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন,  আবার অদূর ভবিষ্যতে যাত্রাপালাগানের
ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী হতে পারেননি তেননি অনেকে।
  বাংলার বাইরে যে আসাম, ঝাড়খণ্ড, বিহারের প্রবাসী বাঙালী অধ্যুষিত এলাকা থেকে একসময় অনেক বায়না হত।
সেখানেও ভাঁটা পড়েছে। সব দিক দিয়েই যাত্রা শিল্প আজ
সংকটে। অথচ এই শিল্পের সাথে জীবন জড়িয়ে ছিল কত কত পরিবারের।
তবু টিঁকে থাকবে হয়তো। একেবারে নিঃশেষ হয়ে যাবেনা।
তবে পালারচনা থেকে শুরু করে, সেই মানের অভিনেতা অভিনেত্রী ; তেমন গান, গায়ক বা মিউজিক - একটা সমন্বিত শিল্প যেমন হয় তেমন মানে যাত্রা কে সাজাতে হবে।
যাত্রা কে ভালোবেসে এই শিল্পের আঙিনায় আর তেমন কেউ আসছেন না এমন আক্ষেপ গদিমালিক দের। আসছে  কিছু
  দ্রুত  উপার্জনের আশায়।
আর নিম্ন রুচির সস্তা পালাগান দিয়ে এই শিল্প বাঁচবে না।
সামগ্রিক পরিবেশের পরিবর্তন ঘটেছে। এবং একশ্রেণির
উচ্ছৃঙ্খল যুবক দের সব কিছু কে অবজ্ঞা, উপেক্ষা করার
মানসিকতা দেখা দিয়েছে। মানুষ ঘর থেকে বেরুতে চাইছেন না। মহিলাদের নিয়ে বের হওয়া তো দূরের কথা।
আর মধ্যবিত্ত স্তরের ভদ্র মানুষেরাই যদি আসরে না যান, সমঝদার মানুষ দের যদি উপস্থিতির অভাব ঘটে তাহলে শিল্পী দের ও মনে তার প্রভাব পড়ে। তাঁরা ও দেখে নেন শ্রোতা কেমন! গান ও তেমন। 
রূপাই চণ্ডী তলা জেগে ওঠে বৈশাখের ঐ কটা দিন। জেগে নিশ্চয়ই থাকবে। শুধু এই এলাকা নয় আমাদের কাঁকসাব্লকের
এত প্রাচীণ, ঐতিহ্য পূর্ণ যাত্রা পালা গানের আসর কিন্তু দ্বিতীয় টি নাই। এই ঐতিহ্য রক্ষা পাক।
------------ ------------ ------------ ------------ ------------ সমাপ্ত।
গ্রন্থ সহায়তা। যাত্রা শিল্পের ইতিহাস। গৌরাঙ্গ প্রসাদ ঘোষ 

 ক্ষেত্র সমীক্ষা এবং অন্যান্য লেখা

দেবীর পূজা, হোম যজ্ঞ হচ্ছে। করছেন ডাঙ্গাল গ্রামের সুনামী  পণ্ডিত শিশির বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য রা।

এলেমবাজার নিলামবাজার ইলামবাজার

।। এলেমবাজার  নিলামবাজার ইলামবাজার।। 

 বাজারে এলাম গো। এলেমবাজার।। 
 এ বাজারে এলেমদার লোকেরা ঘোরাফেরা করে। 
 নীল, গালা, সুতীবস্ত্র, তসর, রেশমের নিলামের হাট বসে। 
 প্যারিসে আন্তর্জাতিক এক প্রদর্শনী তে ইলামবাজারের 
 গালার সামগ্রী প্রদর্শিত হচ্ছে। মন্তব্যে বলা হচ্ছে " হস্তশিল্পের চমৎকার নমুনা " 
 আরস্কাইন সাহেবের কুঠিবাড়ি তে জয়দেব কেন্দুলী যাওয়ার পথে ফরাসি পণ্ডিত সিলভা লেভী এবং তাঁর স্ত্রী মাদাম লেভী 
এক রাত্রির বিশ্রাম নিচ্ছেন। 
 আচার্য্য নন্দলাল গোরুগাড়িতে চেপে ছাত্রদের নিয়ে বনকাটির পিতলের রথ দেখতে আসছেন। 
 শিল্পী মুকুল দে গোরুগাড়ি চেপে মৌখিরা যাবার পথে ইলামবাজার এর টেরাকোটা মন্দির, আরস্কাইন সাহেবের 
 সমাধিস্থলের ছবি তুলে নিচ্ছেন। 
 ব্রতচারী প্রবর্তক তৎকালীন বীরভূমের জেলা ম্যাজিস্ট্রেট 
 গুরুসদয় দত্ত ইলামবাজারে একটি দাতব্য চিকিৎসালয় 
 উদ্বোধন করছেন। 
 এছাড়া, সুরুলের চীপ সাহেব, সুরুলের বিখ্যাত সরকার বাড়ি, 
রায়পুরের সিংহ বাবুদের কথা 

আরও অনেক অনেক কথা, অনেক তথ্য 
ছোট্ট এই বই টি তে আছে। 
আমি জানিনা ইলামবাজারের কত জন বন্ধু আমার এই বইটি সংগ্রহ করে পড়ে দেখলেন। আশা করি খারাপ লাগবে না। 
 পড়েই দেখুন। 
ইলামবাজার এ অনেক বন্ধু। আমার অনেক ছাত্র ছাত্রী। 
 প্রথম সংস্করণ শেষ হয়ে গেলে দ্বিতীয় সংস্করণ টি বর্ধিত আকারে করার চেষ্টা আছে। 
 আপনাদের সহযোগিতা কাম্য। 
 আমি মাত্র পাঁচ টি বই পেয়েছি। সৌজন্য সংখ্যা। এত বন্ধু কাদের দিই! 
 বন্ধুদের উদ্দেশ্যে ই এই বই উৎসর্গ করেছি। 

আমার কাজের ক্ষেত্র অজয়ের এপার আর ওপার। ইলামবাজার আমার  দ্বিতীয় ঘরের মতো। 
বই টিতে এপারেরও  কথা কম নেই। বনকাটি, মৌখিরা, কালিকাপুর তো আছেই। আরও আছে। 

বই টি র পরিবেশক অক্ষরযাত্রা প্রকাশনী র আনন্দগোপাল হালদার। তাঁকে ফোনে অর্ডার দিলেই বাড়িতে বসে বই পেয়ে যাবেন।আমি দায়িত্ব নিয়ে বলছি। 
 তাঁর নম্বর  9474907307।
দাম মাত্র। ২০০/ টাকা। পেপারব্যাক দাম কম রাখার জন্য 
ইলামবাজারে জয়দুর্গা লাইব্রেরি তে ও সম্ভবত এসেছে। খোঁজ নিন।

ইলামবাজার ঃ পাঠপ্রতিক্রিয়া

ইলামবাজার। 
আমার জীবনের অনেক খানি জুড়ে। তাই ইলামবাজার কেন্দ্রিক একটা বই হোক এ ইচ্ছা আজকের নয়। 
 সেই কোন বালকবেলায় খুঁজে পেয়েছিলাম আরস্কাইন সাহেবের ভগ্ন কুঠিবাড়ি আর তাঁর পরিবারের সমাধিস্থল। 
  সেই বয়সেই আমাকে ভাবিয়েছিল 
 " কোথায় জন্ম আর কোথায় মৃত্যু "
 প্রায়ই সেই সমাধিস্থলে যেতাম। বসে থাকতাম। 
 ব্রাহ্মণ পাড়ার মন্দিরগুলোর টেরাকোটা কাজ গুলো র দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। 
 গৌরাঙ্গ মন্দির এর কাজ দেখতে দেখতে হাট 
 করতে ভুলে যেতাম। 
  ঐ সমাধিক্ষেত্র, ভগ্ন দালান, মন্দিরের সামনে এলে আমার মনে হত ইতিহাস এর মুখোমুখি হয়েছি। 
 সেই ইতিহাস এর কিছুটা আছে  
 আমার বই ' এলেমবাজার নীলামবাজার ইলামবাজার "। 
 এবারেই কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে। 
আপনারা সহযোগিতা করলে পরবর্তী সংস্করণ টি আরও শোভন, সুন্দর, বর্ধিত আকারে করতে পারব। 
 পরিবেশক  ঃ অক্ষরযাত্রা প্রকাশনী , কলাবতী মুদ্রা র পক্ষে    আনন্দগোপাল হালদার কে ফোন করুন। নিজের কপির অর্ডার দিন। বাড়িতে বসেই বই টি পাবেন।* * ফোন নং  9474907307  *
বন্ধুদের সহযোগিতা কামনা করি।

পুনঃ। কিছু কপি আনানোর চেষ্টা করছি। 
তেপান্তর নাট্য গ্রাম থেকেই পাওয়া যাবে।

মাননীয়া Suchandra Chakravarty এই বই পড়ে 
তাঁর পাঠপ্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁকে আমার  ধন্যবাদ জ্ঞাপন করছি 

শ্রদ্ধেয় প্রণববাবু, আপনার  সুস্থতা কামনা করি । গতকাল আপনার বইটি পেয়েছি এবং আগাগোড়া পড়েছি। অত্যন্ত সুখপাঠ্য আর আবেগপ্রবণ লেখা। ঐ অঞ্চলের মাটির প্রতি আপনার টান, আর imaginative sympathy আপনার ইতিহাস চর্চাকে উদ্বুদ্ধ করেছে। Hunter, O'Malley, Birbhum Bibaran, সব আমার পড়া থাকলেও আপনার লেখনীতে আবার সরস প্রাণ পেয়েছে ঐসব ইতিহাস। সাধারণ পাঠকের কাছে এরকম গল্পচ্ছলে ইতিহাস জানা খুবই আকর্ষণীয়। আপনাকে এইজন্য অভিনন্দন জানাই। 
ইতিহাস ছাড়াও, আপনি কথায় ছবি আঁকেন। তাই ইলামবাজারের হাটের ও সেখানের গৌরাঙ্গ মন্দিরের বর্ণনা পড়ে আমার নিজের অভিজ্ঞতার সঙ্গে মেলাতে অসুবিধা হয়নি। দেড় বছর আগে গিয়েছিলাম। ইস্ তখন যদি আপনার সঙ্গে যোগাযোগ হত! আরও চল্লিশ বছর আগেকার স্মৃতি উঠে এলো আপনার লেখায় শ্রীনিকেতনের কাছে নীলকুঠির ভগ্নাবশেষের কথা পড়ে। আজ কেউ ঐ 'নীলসাহেবের কুঠী'র হদিস ও জানেনা।

আরস্কাইন সাহেবের সমাধি ক্ষেত্রে র ছবি তুলেছিলেন প্রখ্যাত শিল্পী মুকুল দে। এই ছবি ব্যবহার করার অনুমতি দিয়েছেন শ্রী সত্যশ্রী উকিল দা। তাঁকে ধন্যবাদ জানাই

এলেমবাজার নিলামবাজার ইলামবাজার । পাঠ প্রতিক্রিয়া

মাননীয়া Suchandra Chakravarty  মহাশয়ার
পাঠপ্রতিক্রিয়া
আমার " এলেমবাজার নিলামবাজার ইলামবাজার " বই টি পড়ে। তাঁকে আমার ধন্যবাদ জানাই। 

Pranab Bhattacharya is a familiar name to terracotta enthusiasts and those interested in the regional histories of West Bengal, particularly around Birbhum. This recently published book is an easy and interesting read, particularly for those who wish to have an introduction to the local history of the Ilambazar area near Shantiniketan. It's a collection of essays that has already appeared in other  journals. Pranabbabu has gleaned his facts largely from Hunter, O'Malley, and older local histories such as Birbhum Bibaran. What draws the reader to this slim book is the manner in which the  older histories have been  retold with a lively passion for the place and its past. He has the engaging ability of a good story teller which enables one to excuse certain editorial lapses. I read the book in one sitting ( it's not long) in spite of being familiar with all the source documents that he has cited, which speaks volumes for his ability to paint word pictures of edifices now lost to time, as well as the present environment . His description of the haat in Ilambazar took me straight back to my visit one and a half year ago; right down to the man selling earthen pots, one of which stands in my verandah. His mention of the ruins of the house of an indigo factor, which, years back locals used to refer to as 'neel shaheber kuthi' brought back memories of a visit more than forty years back. That ruin can no longer be seen and had it not been for this book, I might have believed that my memory had been playing tricks with me. 
I would definitely recommend this book to bengali reading enthusiasts new to this area and its rich heritage. The flow of goods and people along the Ajay river brought the world to its banks even before the world met in Tagore's Visva Bharati.

আমি বীরভূমের না কি বর্ধমানের

আমি থাকি অজয়ের দক্ষিণে। পশ্চিম বর্দ্ধমান জেলায়।  অজয়ই প্রাকৃতিক  সীমারেখা। উত্তরে বীরভূম। দক্ষিণে বর্ধমান। সেই কবেকার এই সীমারেখা। অজয়ের উত্তরে উত্তর রাঢ়। বজ্রভূমি, বীরভূমি - বীরভূম। ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী ১৮০৬ সালে অজয় কে  প্রাকৃতিক সীমারেখা হিসাবে গ্রহণ করে। 
ওপারে ইলামবাজার। বীরভূমের প্রবেশ দ্বার। 
আমাদের নিকটতম গঞ্জ। এপার ওপারের  নিত্য যাতায়াত। সীমান্তের এই অংশের মানুষ দের বরাবরের টান ওপারের প্রতি। পানাগড়, দুর্গাপুর
যাওয়া অপেক্ষা বোলপুর যাওয়ার প্রতি একটা প্রবণতা কাজ করে। এই এলাকার অনেক সম্পন্ন
মানুষ ওপারে চলে গেছেন। ইলামবাজার বা বোলপুরে স্থায়ী ভাবে বসবাস করছেন। 
আমারও ইচ্ছা ছিল।কিন্তু নানা কারণে হয়নি।  ইলামবাজার হাইস্কুলে পড়েছি। 
কিছুদিন পড়িয়েছি। বোলপুর কলেজে পড়েছি। 
সামাজিক, সাংস্কৃতিক নানা কর্মকাণ্ডে বীরভূমে
অনেক গুলি বছর কাটিয়েছি। বীরভূমের প্রতি 
আলাদা এক ভালোবাসা কাজ করে। সেই ভালোবাসা থেকে ই আমার সামান্য বীরভূম চর্চা। 
আমার লেখালেখির বড় অংশ জুড়েই বীরভূম। 
তাই প্রথম বই টি করতে পেরেছি ইলামবাজার কে কেন্দ্র করেই।  কুঠিবাড়ি ভিত্তিক ব্যবসা বাণিজ্য। 
এবং ইলামবাজারের কথা ও কাহিনী। 
অন্যান্য যে সব লেখা এই সমাজমাধ্যমে, ফেসবুক পেজে বা ব্লগে রয়েছে বা নানা পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে সেই সব লেখা একত্রিত করার ইচ্ছা  আছে। ইচ্ছা ই - বুক করার ও। আমি চাই আমার সব লেখা সবার জন্য উন্মুক্ত করে দিতে। 
কিনে বই খুব কম জনেই পড়ে। আমার ধারণা আগামী তে মানুষ এখানেই পড়ে নিতে চাইবে। 
 কিন্তু বইমেলায় বেশ ভিড় হয়। বই এর একটা আলাদা মূল্য আছে অস্বীকার করিনা। বই, বই ই। 
তবু অনেক কথা আছে। আমার যা অভিজ্ঞতা সে না হয় আরেক দিন বলা যাবে। 
আজ বীরভূম বিষয়ক লেখালেখির একটা  তালিকা। 
**বীরভূমের লোহা মহল 
**মুলুটির মন্দির রাজি, 
**গণপুরের মন্দির, ' ফুলপাথরের মহাকাব্য'
**মল্লারপুর 
**রাজনগর কথা 
**রসা - বড়রা র প্রস্তর দেউল 
**বীরভূমের বৈচিত্র্যময় মন্দির 
**দুবরাজপুর কথা ও কাহিনী 
**দুবরাজপুরের মন্দির 
**হেতমপুর কাহিনী। চন্দ্রনাথ মন্দির। রাজবাড়ি 
**কোটা - শীর্ষা 
**টিকরবেতার পিতল শিল্পের কথা 
**জয়দেব কেন্দুলী নিয়ে নানা লেখা 
**রাধাবিনোদ মন্দির। মোহান্ত অস্থল এর পিতলের রথ, গীতগোবিন্দম এর জয়দেব 
মানুষ জয়দেবের খোঁজে 
**ধর্মমঙ্গলের অন্যতম কবি নরসিংহ বসুএবং তাঁর  রাজনগর যোগ। 
**১৬৩৩ সালে নির্মিত ঘুড়িষার রঘুনাথজীর মন্দির এবং ১৬৩১ সালে মাসড়া গ্রামে তৈরি মন্দির। একটি তুলনামূলক আলোচনা। 
**ঘুড়িষা গ্রামের দুই বিখ্যাত মন্দির 
**ইলামবাজার। গঞ্জ ইলামবাজার কথা। 
**ইলামবাজারের মন্দির 
**ইলামবাজার কেন্দ্রিক নানা বিধ লেখা। 
**'তুলাপট্টিতে আর বসেনা নীলামের হাট '
**আনন্দবাজার পত্রিকায় বড় প্রবন্ধ। 
**সুরুল, রাইপুর, আদমপুর, চন্দনপুর, মির্জাপুর, সুপুর, ইটাণ্ডা নিয়ে নানা লেখা এবং ছবি। 
**এছাড়াও যেখানের সম্বন্ধে হয়তো লেখা হয়নি সেখানের মন্দির টেরাকোটার ছবি। 
** জয়দেব কেন্দুলী কে নিয়ে এবং অন্যান্য বিষয় নিয়ে আকাশবাণী কলকাতায় তিনবার বলেছি। 
** ইলামবাজার এবং এপার ওপার এর দুই টি পিতলের রথ নিয়ে আকাশবাণী শান্তিনিকেতনে কয়েকবার বলেছি। 
মনে হতে পারে নিজের ঢাক নিজেই পেটাচ্ছি। কিন্তু না। এই লেখাএক বিশেষ উদ্দেশ্য নিয়েই লিখেছি। 
বীরভূমের বিশিষ্ট বন্ধুদের ট্যাগ করেছি। 

** আপনারা জানেন মন্দির টেরাকোটা আমার অন্যতম প্রিয় বিষয়। বনকাটির মন্দির এবং ইলামবাজারের মন্দির দেখেই সেই বালক বয়সেই এই ভালোবাসার উন্মেষ। 
যেমন ইলামবাজারের আরস্কাইন সাহেবের কুঠিবাড়ির ভগ্নাবশেষ বা তাঁদের পরিবারের সমাধি ক্ষেত্র থেকেই,নীল ও গালা শিল্পের একদা বিখ্যাত কেন্দ্র সেই প্রাচীণ ইলামবাজার কে খোঁজা। **ইলামবাজারের চারপাশ কে খোঁজা। যেমন ঊষহর, ধল্লা, দ্বারোন্দা, দেউলী, ইত্যাদি স্থান সম্পর্কে লেখা। 
এখনকার এই মাধ্যমের সুবিধা হচ্ছে 
দৃশ্য শ্রাব্য মাধ্যম। এখানে আছি দীর্ঘদিন। কয়েক হাজার ছবি নষ্ট হয়ে গেলেও, এখনও আছে কয়েক হাজার। 
বিরাট বিস্তৃত ক্ষেত্র নিয়ে কাজ করার ক্ষেত্রে আমার সীমাবদ্ধতার কথা মাথায় রেখেই আমি নির্দিষ্ট একটা ভৌগোলিক এলাকার মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে চেয়েছি। 
**প্রাচীণ গোপভূমের অন্তর্ভুক্ত পরগণা সেনপাহাড়ী এবং বীরভূমের সেনভূম তথা 
অজয় তীরের দুপারের মানুষের জীবন কথা। 
আমার সীমিত সামর্থে এই কাজটুকুই মাত্র করতে পেরেছি। 
**আমার কোন উচ্চাভিলাষ নাই। আমি সামান্য এক আঞ্চলিক ইতিহাস চর্চাকারী। ক্ষেত্রসমীক্ষক। কোন স্থান নিজের চোখে না দেখে, আমি কোন লেখা লিখিনা। 
আমি কোন 'মুখ' নই। যেমন " বীরভূমের মুখ "। কি "পুরুলিয়ার মুখ " বা "বাঁকুড়ার মুখ "। সে সামর্থ্য নেই। অনেক জ্ঞানী, পণ্ডিত, বিদগ্ধ লেখক  জনেরা আছেন। 
আমি আঞ্চলিক ইতিহাসের  গল্পকার, কথাকার। সমাজমাধ্যমের বন্ধুরা বলেছেন " সেনপাহাড়ীর কথাকার"
কেউ " সেনপাহাড়ীর কথক ঠাকুর " 
কেউ " জঙ্গলমহলের কথাকার "
এই রকম নানা অভিধা। যথেষ্ট। 
বাইরের বন্ধুরা জানেন আমি বীরভূমের। 
বীরভূম কি জানে কি জানি! 

যে সব সংকলন গ্রন্থে আমার বীরভূম বিষয়ক প্রবন্ধ গুলি প্রকাশিত হয়েছে 
তার একটা তালিকা যদি পারি, দেব। 
আপনাদের জ্ঞাতার্থে।  কিছু কাজ তো করেছি। ভবিষ্যৎ ই বলবে। 
অনেক ধন্যবাদ। নমস্কার। 
বীরভূমের অনেক বন্ধুকে ট্যাগ করেছিলাম। 
কেউ কোন সাড়াশব্দ দেননি। 
------------ ------------ ------------ ------------ ©  প্রণব ভট্টাচার্য। 
** ইলামবাজার কেন্দ্রিক আমার ছোট্ট বই টি র 
 নাম " এলেমবাজার নিলামবাজার ইলামবাজার "
দাম মাত্র ২০০/ টাকা। বন্ধুরা ঘরে বসেই সংগ্রহ করতে পারেন। পরিবেশক অক্ষরযাত্রা প্রকাশনী র আনন্দ গোপাল হালদার। ফোন নং 9474907307. ফোনে অর্ডার দিলেই হল। 
------------ ------------ ------------ ------------ 
আমাকে ফেসবুকে ই পাবেন। অনুরোধ না জানালে কোথাও লিখিনা। ফেসবুক পেজে শুধু রিলের ভীড়। ওখানে লেখা কেউ পড়েননা। 
বাংলা ব্লগের তেমন চাহিদা নাই। তবুও একটা ব্লগ আছে। 
https:// matirpradip.blogspot.com 
ফেসবুক পেজ। Pranab's canvas 
ইউ টিউব চ্যানেল খুলেছিলাম। চালাতে পারিনি। 
এই। 
------------ ------------ ------------ ------------ ----
" ভ্রমি বীরভূমের পথে  - এই রকমের নাম দিয়ে শুধু বীরভূম নিয়ে একটা বই করার ইচ্ছা। 
কোন প্রকাশক এগিয়ে আসবেন! 
------------ ------------ ------------ ------------ ------------

দুই দিদির গল্প

।। দুই দিদির গল্প।।
  কথা ও কাহিনী। ৷ ৷ প্রণব ভট্টাচার্য

  ভাবুন তো একবার। কোথায় রংপুর  আর কোথায় রাণীগঞ্জ।
  এখন কার বাংলাদেশের রংপুর। আর পশ্চিম বর্ধমানের কয়লাক্ষেত্র রাণীগঞ্জ। রংপুর থেকে রাণীগঞ্জ । এক কিশোরী বৌ হয়ে এলেন এখানকার এক গ্রামে। গ্রামের নাম সাতগ্রাম।
চারপাশে তার ছয়টি গ্রাম। মাঝে সে সাতগ্রাম। সেই সাতগ্রামের চ্যাটার্জি পরিবার। নামী দামী পরিবার। কয়লাকুঠি র কেউ ম্যানেজার তো কেউ খাজাঞ্চি। কেউ বড়বাবু। কোম্পানির বিশ্বস্ত সব লোক। তাঁদের হাতে পরিচালনার অনেক খানি। তখন কয়লা ব্যবসা খুব জনপ্রিয় হয়ে গেছে।
এখান থেকে নদী পথে সে কয়লা যায় পাবনা রংপুর।
জমিদার বাবু র কয়লা ব্যবসা। তার ম্যানেজার আমাদের এই রংপুর এর দিদির বাবা। দাদারা তাঁর সব জমিদারী ফেরেস্তায়
কাজ করে। একজন তো তখনকার আসানসোলে বাসা বেঁধেছেন। সাতগ্রামের বাবুদের সাথে ব্যবসার সূত্রেই আলাপ
যোগাযোগ। কেননা তাঁদের হাতে কয়লা পাবার কাগজ।
   বুদ্ধি খেলে যায় রংপুরের দিদির দাদার। এই চ্যাটার্জি বাড়িতে যদি বোনের বিয়ে দেওয়া যায়। কেমন হয়। এঁরা কি রাজি হবেন!  দেখাই যাক। প্রস্তাব টা পাড়া ই যাক না কেন।
সেই প্রস্তাব নিয়ে একদিন বাড়ির কর্তার নিকট একদিন এলেন তিনি। প্রস্তাব শুনে কর্তা মশাই কিছুক্ষণ চুপ করে থাকবার পর  মেয়ে দেখতে রাজি হয়ে গেলেন।
সে মেয়ে কে আত্মীয় স্বজন সমেত আনানো হল আসান সোলের বাসায়। সেখানেই মেয়ে দেখার ব্যবস্থা হল। 
  মেয়ে তো দেখতে চমৎকার সুন্দরী। নানা গুণসম্পন্না।
  খুব ভালো রান্না জানে। হাতের কাজ জানে নানা রকমের।
কিছুটা লেখাপড়া ও জানে।
এই পরিবার সম্বন্ধে  রংপুরের জমিদার বাবুর সপ্রশংস  চিঠি।
   তখন ছেলেদের আর মেয়ে দেখার চল ছিলনা। তবু এখানে
ছেলে মেয়ে দেখে এলো বন্ধুবান্ধব দের নিয়ে। অপছন্দের কিছু নাই।
তারপর একদিন শুভক্ষণে  চার হাত এক হল। অগ্নি সাক্ষী করে। মহা ধূমধাম। সাতগ্রামের চ্যাটার্জি বাড়িতে মহা আয়োজন। গোরু গাড়িতে রাণীগঞ্জের বাজার থেকে মাল আসছে তো আসছে। আত্মীয় স্বজন ; কনে যাত্রী সব গোরু গাড়িতে। যেন গোরুগাড়ি র মেলা বসে গেল " রাজপুত বাড়ির ডাঙ্গায় "।
একা এই বোন নয়। এর পরপর তাঁর কয়েকজন জন বোন এসেছেন এই চ্যাটার্জি বাড়িতে। কয়েক বছরের ব্যবধানে।
  আমি ভাবি এখনও পাত্র পাত্রী বিজ্ঞাপনে থাকে রাঢ়ী য় পাত্র
রাঢ়ী য় কন্যা চাই। বারেন্দ্রী হলে চলবে না।
আর আজ থেকে কত বছর আগে। একশো বছরে র ও আগে।  তখন দুই পরিবারের মধ্যে এই প্রশ্ন তো ওঠেনি।
কে মেলালো। কিসে মিলল। এ যেন বিবাহ রাজনীতি। রাষ্ট্র নৈতিক বা কূটনৈতিক। এখানে মেলালো ব্যবসায়িক বুদ্ধি।
পরবর্তীতে দু ই পরিবারের ভীষণ ভাবে আর্থিক সমৃদ্ধি গড়ে ওঠার ইতিহাস। 

।।দুই দিদির গল্প।।  কথা ও কাহিনী। দ্বিতীয় গল্প 

  কোথায় বরানগর আর কোথায় বনকাটি।
  বন কেটে বসত শুরু কবে থেকে তা বলা সম্ভব নয়।
   প্রাচীন ' গোপভূম ' এর সেনপাহাড়ী পরগনার জঙ্গল মহলের
  একটি গ্রাম।। একেবারে ' গড় জঙ্গলের ' গায়ে গা লাগিয়ে এই গ্রাম। ' ইছাইঘোষ এর দেউলে ' চূড়া দেখা যায় গ্রামের পশ্চিম প্রান্তের উঁচু মোরাম চাতাল থেকে।
  গড় জঙ্গল। নামের ভিতরে ই " গড়' ভরা। সে ছিল একদিন।
জঙ্গলের ভিতরে ছিল গড়। পাল রাজাদের অধীনে সে গড়ের
অধিপতি ছিলেন। কর্ণসেন।  সেই সেন কে অতর্কিত আক্রমণ করে গড় দখল করে নেন ইছাই ঘোষ। এ গড়ের অনেক নাম
ঢেকুর গড় ; ত্রিষষ্ঠীগড়। দেবী শ্যামারূপা ইছাই এর আরাধ্যা দেবী। তাঁর বরে ইছাই অপ্রতিরোধ্য। ধধর্মমঙ্গল এর কাহিনী তে তাকে আমরা পাব। লাউসেন ইছাই যুদ্ধকথা। দ্বিতীয় বারের যুদ্ধে ইছাই পরাজিত এবং নিহত হন। তিনি তখন বৃদ্ধ।
আবার এই জঙ্গলের মধ্যে ইংরেজ দের আক্রমণ থেকে বাঁচতে  কেল্লা বানিয়েছিলেন বর্ধমানের রাজা চিত্র সেন।
  সে অনেক কথা। পাশেই বয়ে চলেছে অজাবতী ; অজি ; মানে অজয়। অজয়ের ওপারে বীরভূম। লোককথা এখানেই না কি কবি জয়দেব এর সাথে রাজা লক্ষ্মণ সেনের সাক্ষাৎকার ঘটেছিল। ' দেহী পদ পল্লব মুদারম ' এর  কবি তাঁর কাব্য' গীতগোবিন্দম' রচনা করেছিলেন রাজা লক্ষ্মণ সেনের অনুরোধে।
বাংলার সেন রাজাদের পূর্বপুরুষ রা কর্ণাট দেশ থেকে এদেশে এসে এখানেই না কি প্রথম তাঁদের বাসস্থান স্থির করেছিলেন।
এমন মত পণ্ডিত প্রবর সুকুমার সেন সহ আরও অনেকের।
তাই পরগণা র নাম সেনপাহাড়ী। আজও চালু মোগল আমলের পরগণা সেনপাহাড়ী।
 এই জঙ্গল মহল এলাকার অযোধ্যা - বনকাটি এলাকা।
চারপাশে নানা ছোট বড় গ্রাম। আর সব গ্রামেই রয়েছে বাগদি ; বাউরী ; ডোম ; মুচি ; খয়রা ; খাঁড়াত  আর হাঁড়ি দের
পাড়া। তারাই পাহারা দিচ্ছে গোটা জঙ্গল মহল।
সেই ইছাই ঘোষের আমল থেকে। সবাই ছিল তাঁর সৈন্য বাহিনী তে। সেনপাহাড়ীর  ডোম ; হাঁড়ি বা মুচি রা দুর্ধর্ষ। রক্তে তাদের আজও সেদিনের যুদ্ধের উন্মাদনা।
  আমাদের এই বনকাটির বাবুরা মানে রায় বাবু ; মুখোপাধ্যায় ; চট্টোপাধ্যায় বাবুরা সব মিলে মিশে পাশাপাশি থেকে একসাথে ব্যবসা করেন। যেন বারো ঘর এক উঠোন। নিশ্চয়ই ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা ছিল। তবে নানা পরিবার নানা রকমের ব্যবসা করেন। 
প্রাচীণ সব বৃক্ষে ঘেরা। তপোবনের মতো।   জমজমাট ব্যবসা তাদের।
ওপারে ইংরেজ সাহেব দের কুঠিবাড়ি। ইলামবাজার তখন
গঞ্জ। লাক্ষা বা গালা ; নীল ; সুতী বস্ত্রের নীলামের বাজার।
  বাণিজ্য কেন্দ্র। ডেভিড  আরস্কিন  সাহেবের বিরাট কুঠিবাড়ি। ফরাসি দের কুঠিবাড়ি। তাঁদের সাথে এদেশীয়
সম্পন্ন মানুষেরা ভালো ব্যবসা করছেন। প্রচণ্ড ধনী হয়ে উঠছেন তাঁরা।
আমাদের বনকাটি র বাবুরা ইংরেজ দের কুঠিবাড়ি র সাথে ব্যবসা আবার স্বাধীন ভাবে ব্যবসা করেন।
  লাক্ষা বা গালা ; নানা বনজ দ্রব্য ; আর কাঠ কয়লা ; এবং কয়লা র ব্যবসা। অজয়ের জলপথেই  তখন ব্যবসা চলে।
ব্যবসায় মুখোপাধ্যায় বাবুরা সবাই কে ছাপিয়ে যাচ্ছেন। কলকাতায় ব্যবসা করেন। মাল আমদানি রপ্তানির। আবার পাইকারি ব্যবসার। 
অন্যেরাও কম কিছু না। বানাচ্ছেন নিজেদের সুরক্ষার জন্য
উপযুক্ত প্রাসাদ। ভূগর্ভস্থ কক্ষতো আছেই। রায় পরিবার  বানাচ্ছেন শিবমন্দির। ১৭০৪ শকাব্দে প্রথম। বিষ্ণু দালান ; দুর্গা দালান।
একই প্রাঙ্গনে পনেরো টি মন্দির। ১৭৫৪ ; ১৭৫৬-৫৭ শকাব্দে নির্মিত।
  মুখোপাধ্যায় বাবুরা শোনা যায় একদিনের ব্যবসার আয়ে
বানিয়েছিলেন বিখ্যাত পিতলের রথ। ১২৪২ বঙ্গাব্দে। যার গায়ের অলংকরণ
নিজ চোখে না দেখলে বিশ্বাস হবেনা। তার আগে বানিয়েছেন
অপুর্ব টেরাকোটা অলংকরণ যুক্ত বিখ্যাত পঞ্চরত্ন শিবমন্দির। ১৭৫৪ শকাব্দে।  চট্টোপাধ্যায় পরিবারের বিরাট দালান। শিবমন্দির। রায় কালীবাড়ি খুবই বিখ্যাত। দ্বিতল বিষ্ণুমন্দির। দুর্গাদালান। ১৭৫৬-৫৭ তে পাশাপাশি তিনটি দেউল শিবমন্দির। কোন এক  শুভ দিনে
বরানগর থেকে এক কিশোরী বৌ হয়ে এলেন এই বনকাটি তে। যেখানে সন্ধ্যা নামলে চারদিক আলো করার জন্য মশাল জ্বালায় পাহারাদার রা। পাশেই পাষাণ চণ্ডী তলার আমবাগান।
তার পাশেই গড় জঙ্গল থেকে বেরিয়ে আসা " রক্তনালা "গড়ঘাটা " হয়ে বয়ে মিশে যাচ্ছে অজয়ে। এই নালা দিয়ে ছোট নৌকোয় মাল চলাচল করে। রাতে শিয়াল আর গো বাঘা দের ডাক। এদিকে ওদিকে চন্দ্রবোরাদের আনাগোনা। রাতে অজানা শিস ঘণ বাঁশ বাগানে। প্রাচীন সব তালের ডগায় শকুন ছানার ডাক। তেমনি লম্বা খেজুর গাছ গুলো। আর  বিশাল চাকলতা বা খেলকদম। কত টিয়া, চন্দনা যে থাকে সেখানে। 
তালগাছের মাথায় থাকে শকুনেরা। তাদের ছানারা কাঁদে 
ঠিক মানুষের বাচ্চার মতোই। এই সেই বনকাটি।
কোথায় বরানগর আর কোথায় এই বনকাটি।
বাবুরা তো স্বাধীন ভাবে কলকাতা র বানিজ্যিক হৌস গুলির
সাথে ব্যবসা করেন। নিশ্চিত ভাবেই সেই সুত্রেই মেয়ের বাবার আলাপ এখানকার বাবুদের সাথে। ব্যবসার জন্য জাহাজ ঘাটা থেকে শুরু করে অনেকে দালালী করে ও অনেক পয়সা করেছেন। কলকাতা র বাজারের হালচাল জানার জন্য ;
বিদেশী জাহাজে ভালো খদ্দের ধরতে পারলেই হল।
তার জন্য তাঁদের কে নিয়োগ করতেই হত।
  এই ব্যবসার সুত্রেই আলাপ মেয়ের বাবার সাথে চট্টোপাধ্যায় পরিবারের কর্তার। এই ঘরে মেয়ে যাবে। সে আর বলতে।
  যোগাযোগ। দেখাশোনা। অনুমান করে নিতেই পারি।
  তারপর একদিন বিয়ে।
কেউ তাঁর নাম জানে না। বরানগর এর দিদি। দিদি মানে দিদিমার ও দিদিমা। সে কি আর আজকের কথা।
কি তাঁর স্মৃতি। শোনা যায় তাঁর স্বামীর অকাল মৃত্যু র পর
তিনি বানিয়েছিলেন মুখোমুখি দুটি শিবমন্দির। টেরাকোটা য় মোড়া ছিল সে মন্দির দ্বয়। তাকে সম্পূর্ণ বিনষ্ট করা হয়েছে।
  কিন্তু নিশীথ রাত্রে মুখোমুখি যেন কথা বলে দুই মন্দির।
   এ তাকিয়ে আছে ওর পানে।
 হু হু বাতাস বয়। সেই বাতাসে মিশে থাকে সেদিনের স্মৃতি।
----------- ----------- ----------- ----------- ----------- ২ পাতা শেষ।
  সমাপ্ত।
লেখক। প্রণব ভট্টাচার্য। সেনপাহাড়ী পরগনার আঞ্চলিক ইতিহাস চর্চাকারী। অনেকে বলেন " সেনপাহাড়ী র কথাকার "

** চট্টোপাধ্যায় পরিবারের ভগ্ন দালান বাড়ি। 
মন্দিরের ছবি পেলাম না এখন।

রেডিও ঃ স্মৃতি চারণ

।।  রেডিও  ঃ  স্মৃতিচারণ।।     প্রণব ভট্টাচার্য

ভোর    ভোর হয়ে জেগে ওঠে  বীরেন্দ্রকৃষ্ণের কণ্ঠে
পবিত্র সকাল   শুদ্ধ স্মরণ  তর্পণ। 
তাহার নামটি রঞ্জনা  সেই মায়াময় দুই কণ্ঠ। 
অজিতেশের  মধুসূদন  গোপাল অতি সুবোধ বালক
জীবনকে ভরিয়ে দিত  শান্তি বারি সিঞ্চনে। 
রেডিও নাটকের স্বর্ণ সম্ভারে ধনী  আকাশবাণী কলকাতা। 
  ভোলা অসম্ভব তাই ভোলা যায়নি। 
মুক্তিযুদ্ধে  ওপার বাংলার মরণপণ লড়াই
এপার থেকে প্রেরণা জোগায় দেবদুলালের ভাষ্য। 
  আমি ইডেন থেকে বলছি   যেন হাইকোর্ট প্রান্ত দৃষ্টি পথে
   ভেসে ওঠে  অজয় বসু    কমল বাবু দের  ধারাবিবরণী তে। 
   গানের ভুবন ভরা  রাগে অনুরাগে শাস্ত্রীয় সঙ্গীতের রাতে। 
   প্রকৃত পরিবেশনে  সংবাদে ছিল সিদ্ধ সার্থকতা। 
    এখানেই ছিল মানুষের আস্থা। রেডিও।
   আকাশবাণী। আকাশবীণার ঝংকার
   ছিল তো সবই  ভবন টি ও দণ্ডায়মান। 
    কিন্তু আর আমাদের ঘরে ঘরে
  মারফি ; ফিলিপস ; বুশ  দের সেট কবেই আবর্জনা
   আর কত ছিল  সন্তোষ  ইত্যাদি
   আমাদেরও বাড়িতেও অবশেষে একটা সেট এসেছিল। 
   সে টা দাদু কিছুতেই অন্যকে হাত দিতেই দিতনা। 
   একটা অবলম্বন হয়ে উঠেছিল কবে যেন
   ভালো যা কিছু শোনা   ভালোকে চিনতে শেখা
   শ্রবণ আনন্দ প্রক্রিয়া   তার প্রসাদ গুনের আস্বাদন
   যদিও তা ব্যক্তিগত অনুভব সঞ্জাত
   গরমের উঠোনে আমরা সবাই চাটাই পেতে বসে
   একসাথেই শুনতাম। 

বোলপুরের স্টেশন রোড ধরে হেঁটে যাওয়া কলেজ ছেলেরা
এক দোকান থেকে আর এক দোকানে  টেস্ট ম্যাচের স্কোর
জানতে জানতে কলেজ পৌঁছানো
কেউ স্কোর জানাতে বিরক্ত হতনা কিন্তু সে সময়

  আমাদের এই পাড়া গাঁয়ে রেডিও সে তো এক বিরাট ব্যাপার। 
বটূ কোঁড়া কি করে যে অসাধ্য সাধন করেছিল
  ফিলিপসের একটা টাইগার সেট কিনে
  কাঁধে ক্রশ করে ঝোলানো বাজাতে বাজাতে
  গ্রাম ঘুরতে বেরুত      -  'শোন হে সবে
  দ্যাখো কিনেছি আমি ' । এই ই আমার সব।
  সবাই জানে সে একা। বৌ মরে গেছে। ছেলেপুলে নাই
  সারাদিন রাত বাজত তার উঠোনের 
নারকেল গাছে পোঁতা  পেরেকের আঁংটা থেকে
  - এই নে শোন গোটা পাড়া '
কোন কিছু তার বাদ নাই কৃষি কথা কি আদিবাসী গান
দিন শুরু হত তার রেডিও তে  
রাতের আকাশের তারা দেখতে দেখতে
ঘুম না আসা পর্যন্ত ।  ঘুম আসা তো সহজ নয়
পেট পুরে তাল তাড়ি খেলে তবে কিছুটা হয়। 

নিজেকে শেষ করবই  বললে তো আর কিছু
করার থাকেনা। প্রণোদিত আত্মহত্যা করেছে
আমাদের রেডিও   আকাশবাণী কলকাতা কে
ধরা আমাদের সম্ভব নয়     না হয় দেড়শ  মাইল দূর
আকাশবাণী শান্তিনিকেতন  এই সেদিন ও কি সুন্দর
আনন্দধারায় গান শোনাতো   সে হারানো সুখস্মৃতি
বাঙলা গানের ক্রমবিবর্তন টা কে গান দিয়েই ধরুন না
জ্ঞান প্রকাশ ঘোষ বা বিমান মুখোপাধ্যায় 
এর মতো মাপের 

সঙ্গীত গুণী মানুষেরা যদি বুঝিয়ে দেন
শেখা হত  জানা হত   ঋদ্ধ হতাম
একবার এক আলাপচারিতায় বলেছিলাম
  এক আধিকারিক কে। সাথে ছিল সঞ্চালিকা অপরাজিতা।
  নিজেরও  সুখস্মৃতি  - এই আকাশ বাণী শান্তিনিকেতন
  থেকেই আঞ্চলিক ইতিহাস এর এক চর্চাকারী হিসাবে
  যখন বলেছি  আর পরিচিত জনেরা বলেছেন
আপনাকে শুনলাম রেডিও তে
সে এক অন্যরকম ভালোলাগা
চমৎকার বিষয় বাছেন সঞ্চালিকা অর্পিতা চট্টোপাধ্যায়।
  সে দিন বুঝি হারালো! হায়!
কিন্তু মানুষ যে আবার রেডিও তে ফিরতে চাইছেন
সারা পৃথিবী জুড়ে ই। 
দুর্যোগ বিপর্যয় মোকাবিলা য় রেডিও ই তো ভরসা।
  টিভি আজ দীন। প্রকট তার দৈনতা।
এতবড় বাংলাসাহিত্য। ব্রাত্য বাঙলা টিভি সিরিয়ালে।
সেখানে চলছে কর্তার ইচ্ছায় কর্ম নামক       অপকর্ম।
বাঙালী  রুচির নিম্নগামিতা ঘটানো হচ্ছে সুকৌশলে।
ভদ্রলোকেরা মুখ ফিরিয়েছেন অনেক দিনই
ঘরের মেয়ে বৌ রা আর কি করে! চোখ মেলে থাকে
  দেখে একটা মেয়েই রবিনহুড। একা সম্পূর্ণ একাই
সব সমস্যার সমাধান করে দিচ্ছে বাহান্ন জনের এক পরিবারের।
আবাসন গুলো তে বৃদ্ধ এক আর বৃদ্ধা। দীর্ঘশ্বাস ফেলেন।

রেডিও কি আবার স্বমহিমায় ফিরতে চায়
প্রশ্ন তো নিজেকেই করতে হবে রেডিও কে
এখনও যাঁরা রেডিও কে ছাড়েন নি  বরং জড়িয়ে ধরে আছেন
তাঁদের কে তো আপনারা চেনেন না
তাঁদের কে চিনুন।
তাঁদের কথা শুনুন।
আকাশবাণী আবার বেজে উঠুক আমাদের ঘরে ঘরে।
কর্তারা ভাবুন রেডিও কে কি করে জনপ্রিয় করা যায় আবার। মতামত নিন গুণী জনদের। 
আমার ধারণা রেডিও বাঁচতে পারে তার পুরনো দিনকে অবলম্বন করেই। 
রেডিও শুনেই বড় হয়েছি। নিজের একটা ছোট সেট ছিল মার্ফি মিনি। বালিশের পাশে নিয়ে শুনেছি। 
ছোটবেলায় কলকাতা গেলে, আকাশবাণী ভবন টা আমাকে খুব টানত। যদি ভিতর টা ঘুরে দেখা যায়। কি ভাবে সব হচ্ছে! প্রবল কৌতুহল। 
কখনও ভাবিনি এই ভবনের ভিতরে যাব। 
এই বয়সে এসে আঞ্চলিক ইতিহাস চর্চাকারী হিসেবে ডাক পেয়ে বড় আনন্দিত হয়েছি। 
ধন্যবাদ জানাই মাননীয় শ্রী সিদ্ধার্থ মাইতি বাবুকে। 
কয়েক বার ডাক পেয়েছি। হোক না ন মিনিটের কথিকা। বুঝেছি ন মিনিট সময় কম নয়।
আমার মনে হয় রেডিও কে আরও জনপ্রিয় করে তোলা যায়। ভাবতে হবে। হয়তো অনেকে মোবাইলেই শোনেন। আবার অনেকে পারেন না
অনেক বয়স্ক স্মৃতিকাতর মানুষ আছেন। 
তাঁদের জন্যই শোনান না যা কিছু আমাদের সম্পদ। আপনাদের ভাণ্ডারে আছে বিবিধ রতন। 

------------ ------------ ------------ ------------ ------------  সমাপ্ত।
লেখক। প্রণব ভট্টাচার্য। আঞ্চলিক ইতিহাস গবেষক। ক্ষেত্রসমীক্ষক। প্রাবন্ধিক।
গ্রাম। সাতকাহনিয়া। পোষ্ট। বনকাটি। ৭১৩১৪৮। থানা। কাঁকসা। জেলা। পশ্চিম বর্দ্ধমান। ফোন। ৮২৫০৭৬৭৫০৭।
#akashbanishantiniketan 
#akashbanikolokata
#akashbanimoitri
#prasarbharti